নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক সেøাগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে দিনভর ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে আজ শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফল।
এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টায় চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলর এ নির্বাচনে ভোট দেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে আর প্রবাসে ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দেন।
নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবি পার্টির নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাহী পরিষদের নির্বাচন হয়। এতে ৬০ প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ভোট শেষে নির্বাহী পরিষদের সদস্যরা ভোটে মাধ্যমে সেক্রেটারি নির্বাচিত করবেন।
