রাজধানীর বাংলামোটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. রবিন ব্যাপারী (৩৫) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত রবিনের বাড়ি শরীয়তপুরের গোসেরহাট থানার আদর্শ গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। বর্তমানে কলাবাগানে কাঁঠাল বাগান এলাকার ১১/৭ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
