কুমারখালীতে ড. নাসের ফাউন্ডেশনের আয়োজনে চিত্র প্রদর্শনী

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর কুলঘেঁষে অবস্থিত কুমারখালী পাবলিক লাইব্রেরি। আধাপাকা লাইব্রেরির উত্তর-পূর্ব-দক্ষিণ দেয়ালে টাঙানো হয়েছে জুলাই বিপ্লব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজাসহ অন্তত ১১০টি চিত্র। সেগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ আবার মোবাইলে ছবির সঙ্গে নিজেকে ফ্রেমবন্ধি করছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সরেজমিন গিয়ে এ দৃশ্য দেখা যায়।

রং-তুলি ও কাগজে চিত্রগুলো এঁকেছেন রাজশাহী, কুষ্টিয়ার ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রায় ২৭ জন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩ শিক্ষার্থী।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগিতায় প্রথমবারের মতো এ উপজেলায় ৭ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে এমন আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, ঢাবির চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ও আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুল। কুমারখালী পাবলিক লাইব্রেরিতে এ প্রদর্শনী চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।

এ বিষয়ে কুমারখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিথী কুণ্ডু বলে, সূর্য, গাছপালা, ঘরসহ গ্রামীণ জীবনের ছবি এঁকে প্রদর্শনী করেছি। খুব ভালো লাগছে।

জিয়াউর রহমান মানিক নামের এক অভিভাবক বলেন, দেশের বিখ্যাত চিত্র শিল্পীদের সঙ্গে শিশুরাও ছবি এঁকেছে। একইসঙ্গে সকলের ছবি প্রদর্শনী হয়েছে। এতে শিশু-কিশোর-কিশোরীরা অনুপ্রাণিত হচ্ছে।

কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, জুলাই বিপ্লব, কুঠিবাড়ি, লালন, তিলের খাজা, গ্রামীণ জীবন, নদীসহ অনেক ছবি দেখলাম। ছবিগুলো খুবই চমৎকার ও জীবন্ত মনে হয়েছে।

ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের বলেন, শিশু ও নতুন শিল্পীদের উৎসাহ প্রদান এবং মেধা বিকাশের জন্য দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্প শেষে ৭ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল বলেন, জীবন শিল্পকে অনুসরণ করে; কিন্তু শিল্প জীবনকে অনুসরণ করে না। সকলেই মানু্ষ হতে চাই। তবে মানুষ হওয়ার জন্য শিল্পকলা ও শিল্পীর বিকল্প নেই। শিল্প, ইতিহাস ও সাহিত্যের বিপ্লব ঘটলে দেশের উন্নয়ন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত