ডা. তাহের বললেন

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয় সুসম্পর্ক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। গতকাল শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। সব দলই ইতিবাচক হবে এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছে এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি উনারা এটি সঠিক কথা বলেছেন।’

তিনি বলেন, ‘এখন যারা রাজনীতি করছেন অর্থাৎ ইসলামিসহ অন্যান্য দল তাদের সবার সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব।

পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার  চেয়ে তুলনামূলক ভালো হিসেবে আমরা মনে করি। বিশ্বের প্রায় ৬২ এর অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত