ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বেড়াবাড়িয়া থেকে শাড়িসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি দেখে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, অবৈধ পথে ৩৩ বস্তা ভারতীয় কাপড় ঢাকা নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় মমিনুল হকের বাড়িতে মজুদ করে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও স্থানীয়দের নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান গতকাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
পরশুরাম থানা ওসি নুরুল হাকিম ভারতীয় কাপড় জব্দের সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’
