ইইউ রাষ্ট্রদূতকে খসরু

প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরেই নির্বাচন জরুরি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম

প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রবিবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে এমনটা উল্লেখ করে খসরু বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। আমরা বলেছি, এ বছরের ভেতরেই নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না।

একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, সে বিষয়ে আমরা জোর দিয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার, সেগুলোই হয়েছে। কবে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন নিয়ে ভাবনা কী, অর্থনৈতিক সংস্কার নিয়ে ভাবনাগুলো কি কি, সেগুলো বৈঠকে আলোচনায় এসেছে।’

সংস্কারের বিষয়ে খসরু বলেন, ‘যে কয়েকটি বিষয়ে আমরা সবাই ঐকমত্য হয়েছি, সেগুলো করা যেতে পারে, এতে সময় নেওয়ার কিছু নেই। যেগুলোয় ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো তুলে ধরা হবে, সেখানেই আলোচনা তর্ক-বিতর্ক হবে। তারপর পাস করা হবে।’ তিনি বলেন, ‘ইইউ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত