ভবনের অনুমোদন নিয়েছে ছয়তলা। পুরো ভবনটি নিজের জায়গায় গড়ে তুললেও রাস্তার দিকে বাড়তি দুই তলা নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছিল ভবন মালিক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সোমবার নগরীর হালিশহর রোডের বউবাজার ও পানির কল এলাকায় এমন ৬টি ভবনের ২৬টি দোকান উচ্ছেদ করে। একইসাথে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করে।
সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে। অভিযানের সময় শ্রমিকদের দিয়ে দোকানের ভেতরের দেয়াল ভেঙে দেওয়া হয়। একইসাথে ভবনের ছাদও ফুটো করে দেওয়া হয়।
এমন পদ্ধতিতে ভাঙার কারণ প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ’র অথরাইজ অফিসার-২ তানজিব হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এক বা দুটি উচ্ছেদ করতেই পুরো দিন চলে যাবে। তাই প্রতিটি দোকানের ভেতরের দেয়ালে গর্ত করে দেওয়ার পাশাপাশি ছাদও ফুটো করে দিচ্ছি। আর বাকি দেয়ালগুলো ভবন মালিককে নিজ উদ্যোগে নির্ধারিত সময়ের মধ্যে ভেঙে ফেলার সুযোগ দিচ্ছি।
তিনি আরও বলেন, দেয়াল ভেঙে দেওয়ায় ও ছাদ ফুটো করে দেওয়ায় এসব স্থাপনা আর ব্যবহার করা যাবে না। একইসাথে এতদিন ধরে রাস্তার জায়গায় ভবন নির্মাণ করে ব্যবসা করার দায়ে তাদের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সিডিএ আওতাধীন এলাকায় কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করতে সিডিএ থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদনের বাইরে কোনো ভবন নির্মাণ করা যায় না। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান হোসেন ও হামিদুল হক, ইমারত পরিদর্শক তোফায়েল হোসেন, এস এম মিজান, আবু জাফর ইকবাল, শাহাদাত হোসাইন, গৌরাঙ্গ পাল ও ম্যাজিস্ট্রেটের পেশকার ফয়েজ আহম্মদ।
ব্রাজিলে ভূমিধসে ১০ জনের প্রাণহানি