ফতুল্লায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবিসহ কারখানা বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা এই সড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েকশ শ্রমিক রয়েছেন। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করেন। এমনকি কারখানার ভেতরে ক্যানটিন না দিয়েও কাউকে নাশতা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না।

তারা আরও বলেন, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিস টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানিসহ হুমকি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, অনেক আগে থেকেই তাদের এই অসন্তোষ। এর আগেও কয়েকবার এই অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্ট পর্যায়ের ঝামেলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত