গাজীপুরের কালিয়াকৈরে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন পাশের মুদি দোকানদার। ওই বিকাশ ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। আহত মুদি দোকানদার শিমুল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের যমুনা রোডের সামনে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরপর কয়েকটি ককটেল ফাটলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কেউ কিছু বুঝতে না পারলেও সামনে গিয়ে দেখা যায় বিকাশ ব্যবসায়ীর টাকা নিতেই ককটেল ছোড়া হয়েছে। বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন সারা দিন ব্যবসা-বাণিজ্য শেষে টাকা নিয়ে দোকান থেকে বের হচ্ছিলেন। সঙ্গে সঙ্গে দুটি প্রাইভেট কার থেকে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে আতঙ্ক সৃষ্টি হলে তার হাত থেকে টাকার ব্যাগ ও মোবাইল লুট করে নেয়। এ দৃশ্য দেখে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে গেলে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে শিমুল গুরুতর আহত হন।
ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘দোকান বন্ধ করে টাকার ব্যাগটা মাত্র হাতে নিয়েছি। এমন সময় প্রাইভেট কার থেকে ৫-৭ জন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছোড়ে। এরপর তারা আমার ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।’ কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, গত রাতে দুর্বৃত্তরা বিকাশের দোকান থেকে কিছু টাকা লুট করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
