সুপার ওভারে ইংলিশদের বাংলা শিক্ষা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ এএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বিশ্বকাপ মঞ্চে নামার আগে ইংল্যান্ডকেও হারাল লাল-সবুজ জার্সিধারীরা। চরম নাটকীয় দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়েছেন বাংলার মেয়েরা।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে বাংলাদেশও করে ১১৩ রান। ফল নিষ্পত্তির জন্য ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানে জয়ের হাসি বাংলাদেশের। এক ওভারের ‘লটারি’তে বাংলাদেশ ১১ রান করার পর ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করতে পারে ৯ রান।

এর আগে আনিসা আক্তার ও ফাহমিদা ছোঁয়ার চমৎকার বোলিংয়ে ইংল্যান্ড ১১৩ রান করে। আনিসা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহমিদা নেন ২ উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন প্রিশা থানাওয়ালা। ১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জুয়াইরিয়া ফেরদৌস ও সাদিয়া আক্তার দুজনই ২০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফাহমিদার ব্যাট থেকে আসে ১৩ রান। ১৮ জানুয়ারি নেপালের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত