নতুন কেউ নন, জাতীয় দলের দায়িত্বে থাকছেন হাভিয়ের কাবরেরাই। বুধবার বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই স্প্যানিশকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত রেখে দিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এখন দেশের বাইরে অবস্থান করছেন। তবে বুধবার জুম সভার মাধ্যমে কাবরেরাকে তৃতীয় মেয়াদে রেখে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন। সেই ভার্চুয়াল সভা শেষে উপস্থিত এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা। সেটাই ছিল এই স্প্যানিশের প্রথম কোনো জাতীয় দলের হয়ে কাজ। চুক্তির মেয়াদ বাড়িয়ে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয় কোচ নিয়ে আলোচনা। আগামী মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে কে থাকবেন বাংলাদেশের ডাগআউটে? জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিজের কাছে রাখায় পুরো বিষয়টি নির্ভর করছিল বাফুফে সভাপতির ওপর। নতুন সভাপতি অবশ্য নতুন কাউকে জাতীয় দলের জন্য বেছে নেননি। বরং জাতীয় দলকে ভয়ডরহীন ফুটবল খেলতে শেখানো কাবরেরাকেই আরেকটি সুযোগ দিতে চেয়েছেন তিনি। প্রথম দুই মেয়াদে কাবরেরার অধীনে বাংলাদেশ খেলেছে ২৯টি আন্তর্জাতিক ম্যাচ। যার মাত্র আটটিতে জিতেছে দল। ড্র করেছে ছয় ম্যাচ, বিপরীতে হেরেছে ১৫ ম্যাচ। জয়ের হার মাত্র ২৭.৫৯ শতাংশ।
হার দিয়ে অভিষেকের পর ২০২২ সালটা কাবরেরার জন্য মোটেই ভালো কাটেনি। সে বছর আট ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছিল মোটে এক ম্যাচে। ড্র দুই ম্যাচে। হার পাঁচটা। ২০২৩ সালে অবশ্য দারুণ উন্নতি করে বাংলাদেশ। সে বছর সাফ চ্যাম্পিয়নশিপে বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছে দক্ষিণ এশিয়া। দীর্ঘ ১৪ বছর পর দেশকে তিনি তুলে নেন সাফের সেমিফাইনালে। সে বছর কাবরেরার অধীনে সাফ ও বিশ্বকাপ বাছাইসহ ১৩টি অফিশিয়াল ম্যাচ খেলে। যার পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। অল্পের জন্য বাংলাদেশ খেলেনি সাফের ফাইনাল। আগামী ২১ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে ভারতের শিলংয়ে হতে যাওয়া সেই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর। তার মানে তৃতীয় মেয়াদের শুরুতেই কাবরেরা পেয়ে যাচ্ছেন হামজার মতো বড় তারকাকে। ১৫ মাসের পুরোটা সময়ে তার অধীনে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ছয়টি ম্যাচ। ২০২৫-কে ২০২৩-এর সঙ্গে মেলাতে পারলেই স্বার্থক হবেন কাবরেরা।
