বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সংঘাতে ফের পুনর্বাসিত হতে পারে ফ্যাসিবাদ। এমন হলে বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্য রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবিলা করার জন্য রাজপথে গড়ে ওঠা ঐক্য আরও দীর্ঘদিন ধরে রাখতে হবে।
গত বুধবার রাতে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘৫ আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী আরেকটি দেশে ঘাপটি মেরে বসে থেকে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ কেন, একশ বছরের ইতিহাস খুঁজলেও শেখ হাসিনার মতো ভীরু নেতা পাওয়া যাবে না। শুধু দেশের না আওয়ামী লীগেরও ১২টা বাজিয়ে গেছেন। এমন কাজ করেছেন এ দেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে না। ভালো হতো দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে এরশাদ বা খালেদা জিয়ার মতো কারাবরণ করতো।
