রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সাইফুল মিয়া, মো. খুরশিদ আলম, মো. রাব্বি ও জীবন শেখ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়।
গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তিনটি চাকু ও একটি চাপাতিসহ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় আরও কয়েকজন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যান।
ডিসি আরও বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন। তারা সূত্রাপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
