ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে ফেরার পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে প্রশ্ন করা হয়েছিল শিরোপা নিয়ে ভাবছেন কি না। তার উত্তর ছিল, অবশ্যই। শনিবার টেবিলে শীর্ষে থাকা লিভারপুল (২-০) ব্রেন্টফোর্ডকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকই করে। তবে পয়েন্ট হারায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র (২-২) নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। লিগে তিন ম্যাচের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট হারাল আর্সেনাল। তাতে শিরোপা দৌড়েও ধাক্কা খেল দলটি। আর লিভারপুল শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল।
এমিরেটসে ম্যাচের বেশিরভাগ সময় বল পজিশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা আর্সেনাল ৩৫ মিনিটে এগিয়ে যায়। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস গোলমুখে পেয়ে শট নেন মার্তিনেল্লি, দ্বিতীয় প্রচেষ্টায় বল ফিরিয়ে দিয়েছিলেন ভিলার গোলকিপার এমি মার্তিনেজ কিন্তু ততক্ষণে বল পেরিয়ে গেছে গোললাইন। এগিয়ে থেকে বিরতিতে যায় আর্তেতার দল। ৫৫ মিনিটে ট্রোসার্ডের ক্রস থেকে ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। চলতি মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল হলো হাভার্টজের।
৬০ মিনিটে হেডে ব্যবধান কমান ইউরি টেলেমান্স। পরের মিনিটে সমতায়ও ফিরতে পারত তারা; কিন্তু এই বেলজিয়ান মিডফিল্ডারের শট পোস্টে বাধা পায়। অবশ্য আট মিনিট পর পোলিশ রাইট-ব্যাক ম্যাটি ক্যাশের ক্রস পেয়ে দারুণ ভলিতে স্কোর ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স। এবারের লিগে তার গোল হলো ১০টি, অ্যাস্টন ভিলার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। ৮৭ মিনিটে মেরিনোর শট জালে প্রবেশ করে তবে হাভার্টজের হাতে বল লাগায় ভিএআর-এ মেলেনি গোল। যোগ করা সময়ের প্রথম মিনিটে মেরিনোর শট পোস্টে বাধা পায়। এরপর সতীর্থের পা ঘুরে বল পেয়ে ট্রোসার্ডের নেওয়া শট এমি মার্তিনেজ আটকে দিলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
জয় পাওয়ার মত অবস্থান থেকে ড্র করা নিয়ে আর্তেতা বলেন, ‘প্রতিপক্ষকে বাহবা দিতে হবে। আমরা ম্যাচে যেমনটি খেলেছি স্কোরলাইনে সেটার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমি খুশি নই।’
লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্টে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্টে দুইয়েই রইল আর্সেনাল। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট অ্যাস্টন ভিলার। আর্সেনালের পরবর্তী ম্যাচ আগামী বুধবার রাতে নিজেদের মাঠেই চ্যাম্পিয়নস লিগে ডায়নামো জাগরেবের বিপক্ষে। অ্যাস্টন ভিলাও চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে মঙ্গলবার রাতে মোনাকোর মাঠে।
