সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা। রাজধানীর মহাখালী ডিওএইচএসে রাওয়া কমপ্লেক্সে গত শনিবার সেনাপ্রধানের উপস্থিতিতে কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের একটি বিশেষ সভা হয়।
সভায় কার্যনির্বাহী পর্ষদের সব সদস্যের সঙ্গে পরিচিতির পর রাওয়ার পক্ষ থেকে এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। একই সঙ্গে রাওয়ার নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সার্বিক উন্নয়নের জন্য গৃহীত ও ভবিষ্যতে প্রয়োজনীয় নানাবিধ কল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য গৃহীত পদক্ষেপগুলো যেমন বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, উন্নত দন্ত চিকিৎসা দেওয়াসহ ৬১টি জেলায় ডিসপেনসারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কথা উল্লেখ করেন।
সেনাপ্রধান বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তিসহ উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়ার জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা এবং রেশন বা রেশন ভাতা পুনর্নির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
সেনাপ্রধান পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া মৃত মেজর জাহিদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া মৃত মেজর জাহিদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী; জিওসি লগ এরিয়া এবং সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর
