রাজশাহীকে হারিয়ে দুইয়ে চিটাগং

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম

বিপিএলে নিজেদের আগের ম্যাচে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি এনামুল হক বিজয়। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে জানা যায়, অধিনায়ক বদল করেছে দুর্বার রাজশাহী। এনামুলের বদলে দায়িত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। অধিনায়ক বদলেও ভাগ্য বদলায়নি রাজশাহীর। গতকাল চিটাগং কিংস ১১১ রানে হারিয়েছে তাসকিনদের। টস হেরে আগে ব্যাট করে চিটাগং তোলে ৮ উইকেটে ১৯১ রান। জবাবে ১৪.২ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় রাজশাহী।

চিটাগং বড় রান পায় নাঈম ইসলাম (৪১ বলে ৫৬), গ্রাহাম ক্লার্ক (২৮ বলে ৪৫), মিঠুন (২০ বলে ৩২) হায়দার আলী (১৪ বলে ২৫) ইনিংসে ভর করে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের ম্যাচেই দুইশোর ওপর (২০২) রান করেছিল রাজশাহী। গতকাল রাজশাহীর ইনিংসে দুই ইনিংসের ঘরে রান করেছেন কেবল এনামুল হক (২১) ও আকবর আলী (১০)। মোট সাতজন বোলার ব্যবহার করেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রত্যেকেই পান সাফল্য। ৫৪ রান করার পর ৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাঈম ইসলাম। দুই ম্যাচ পর আবার জয়ে দুইয়ে উঠে এসেছে চিটাগং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত