কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়াগামী দুই বাংলাদেশি নাগরিকসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। গত সোমবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দালালকে আটক করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পান নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক।
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
