বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমার সুরক্ষা এবং সংকটকালে সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে জলসীমার সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে প্রতি বছরের মতো এ বছরও মহড়া পরিচালনা করা হবে। নৌ-সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি ধাপে অনুষ্ঠিতব্য এ মহড়ায় রয়েছে নৌ-বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিকস অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ-স্থাপনাগুলোর প্রতিরক্ষা মহড়া প্রভৃতি। চূড়ান্ত দিনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে বিমান বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ নিক্ষেপ, ভিবিএসএস, নৌ-কমান্ডো ও নৌ-যুদ্ধের বিভিন্ন রণকৌশল নিয়ে মহড়াটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, প্যাট্রল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্যসংখ্যক জাহাজ, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে ওই মহড়ায় অংশগ্রহণ করবে। এ ছাড়া প্রতি বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করবে। আইএসপিআর
