চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির সরঞ্জাম নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে ইরানের উদ্দেশে যাত্রা করবে দুটি কার্গো জাহাজ। দুটি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের মালিকানাধীন গোলবোন ও জাইরান নামের ওই দুই জাহাজ হাজার টনের বেশি সোডিয়াম পারক্লোরেট বহন করবে বলে ধারণা করা হচ্ছে। এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয়, যা ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির প্রধান উপকরণ। জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছে। তবে বেইজিংয়ের প্রত্যক্ষ মদদে এই শিপমেন্ট হচ্ছে কি না, এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে এফটির প্রতিবেদনে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা বলেছেন, জাহাজটিতে যে পরিমাণ সোডিয়াম পারক্লোরেট থাকবে, তা মাঝারি পাল্লার অন্তত ২৬০টি ক্ষেপণাস্ত্রে ব্যবহার করতে পারবে ইরান।
×
