একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করে।
এর আগে গত ৯ জানুয়ারি আসামিপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ২৩ জানুয়ারি ধার্য করেছিল আদালত। এর ধারাবাহিকতায় গতকাল আবেদনটি কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে ছিল। আদালতে রিভিউ আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক। আদালত শুনানির জন্য নতুন করে এদিন ধার্য করেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গণহত্যাসহ তিনটি অভিযোগে তাকে ফাঁসি, অপহরণ নির্যাতনের একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে ৫ বছর কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদ- বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এ ছাড়া ২৫ বছরের কারাদন্ডের অভিযোগ থেকে তাকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। পরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ জুলাই আইনজীবীর মাধ্যমে রিভিউ আবেদন করেন এটিএম আজহার। ২৩ পৃষ্ঠার এ আবেদনে অভিযোগ থেকে খালাস চেয়ে ১৪টি যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা।
