খুলনায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপিকর্মী মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছির দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তার দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল ইউনিয়নের কাটাবন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মন্টু গাছিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি দিঘলিয়া উপজেলার চন্দনিমহল কাটাবন এলাকার ইয়াদ গাছির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কৃষক দলের নেতা সরফরাজ হোসেন ও বিএনপির সমর্থক মন্টু গাছির মধ্যে ঝামেলা চলছিল। তার জেরে সরফরাজ ও তার লোকজন মন্টু গাছির ওপর হামলা চালান। একপর্যায়ে মন্টুর চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন।
এ প্রসঙ্গে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু বলেন, ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন মন্টুর দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বশত্রুতার জেরে সরফরাজ ও মন্টুর মধ্যে এ ঘটনা ঘটেছে।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শামীম বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির সমর্থক সরফরাজ হোসেন ও মন্টু গাছির মধ্যে গন্ডগোল চলছিল। এ ঘটনায় হামলাকারীদের আটকে অভিযান অব্যাহত। তবে কোনো অভিযোগ বা মামলা হয়নি।
