জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন কর্মকা-ে চীনের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। চায়না ভাষা শেখানোর জন্য একটি আধুনিক অ্যাকাডেমি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। ‘দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান মহান কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে।’
গতকাল রবিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সংলগ্ন ওয়ামি কমপ্লেক্স এলাকায় চীনা দূতাবাসের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লং লিভ ফ্রেন্ডশিপ-এর আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের সম্মানীত রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, এছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তারা ও স্থানীয় জামায়াত নেতারা।
বিশেষ অতিথি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর মানবিক কর্মকা-ের প্রশংসা করে বলেন, ‘জামায়াতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান গরিব-এতিম শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতে চীন এইসব শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী।’ তিনি আরও উল্লেখ করেন, ‘চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকব। ২০২৫ সালটি চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এই সম্পর্ক আরও দৃঢ় হবে।’
পরে প্রধান অতিথি এবং চীনা রাষ্ট্রদূত কালিয়াকৈরের সহস্রাধিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। চীনা রাষ্ট্রদূত এ সময় সবার হাতে শীতের কম্বল তুলে দেন। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটা, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমির ও গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. খায়রুল হাসান, শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবীসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
