মানহানির মামলায় লালমনিরহাট জেলা প্রশাসনের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এসব আদেশ দেন।
জামিনের মেয়াদ বাড়াতে তাপসী তাবাসসুম গতকালে সশরীরে আদালতে হাজির হন। এর আগে গত বছরের ২৮ নভেম্বর তিনি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগ গত বছরের ৮ অক্টোবর মানহানির এ মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা করে তাপসী তাবাসসুম ঊর্মিকে আদালতে হাজিরের সমন দেয়।
