টিসিবি পণ্য নিতে গিয়ে ১০০ টাকা ঘুষ চাইলে বাগ্বিত-া হলে তার মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারাসহ তিনজনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক ভ্যানচালক।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আসমা তারা ও হিজলবাড়িয়া গ্রামের জাফিরুল ও মোস্তফার বিরুদ্ধে এই মামলা করেন গাংনী জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার ভ্যানচালক আরিফ হোসেন।
আরিফ হোসেনের ভাষ্য মতে, তিনি টিসিবির পণ্য নিতে কার্ডটি অনলাইনভুক্ত করার জন্য জমা দেন। পরে পণ্য নিয়ে কার্ড ফেরত চাইলে জাফিরুল ও মোস্তফা ১০০ টাকা দাবি করে বলেন, ‘টাকা না দিলে কার্ড ফেরত দেওয়া হবে না।’ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ করলে প্যানেল চেয়ারম্যান আসমা তারার নির্দেশে মোস্তফা তাকে মারধর করেন এবং জাফিরুল অফিসের ভেতরে ঢুকিয়ে জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারার মোবাইল ফোনে কল করলে তিনি ধরেননি।
