অটোরিকশা চালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

নগরীর সব সড়কে চলাচলের অনুমতির দাবিতে ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। গত রবিবার সকালে প্রতিবাদ সমাবেশ করে ধর্মঘটের ঘোষণা দেন তারা। ধর্মঘটের কারণে গতকাল  সোমবার সকাল থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়কে অটোরিকশা না থাকায় বাধ্য হয়ে যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এর আগে, গত ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে পরদিন কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। কর্মবিরতি শেষে তারা ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় গত রবিবার ধর্মঘটের ঘোষণা দেন অটোচালকরা।

মোশারফ শিবলী নামে ভুক্তভোগী এক চাকরিজীবী বলেন, ‘সকালে অটোরিকশা না পেয়ে দ্বিগুণ ভাড়ায় রিকশায় চড়ে কর্মস্থলে গিয়েছি। দ্রুত প্রশাসন অটোচালকদের সঙ্গে বসে বিষয়টির সমাধান হওয়া দরকার।’

অন্যদিকে মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা যানজট কম থাকায় স্বস্তির কথা জানিয়েছেন। ব্যবসায়ী মোস্তাক আহমেদ মোহন বলেন, ‘একটা সিটিতে অটো যে কতটা যন্ত্রণাদায়ক তা আমরা জানি। রাস্তায় এখন যানজট নেই। চলাচল করে অনেক স্বস্তি পাচ্ছি।’

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সুজন বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘অটোচালকরা জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা না করে ধর্মঘট করছেন। বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত