বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার আসামি রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। রকিবুলের বাড়ি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপী গ্রামে।
বগুড়ার ধুনট থানায় করা মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার পোশাকশ্রমিক দম্পতির মেয়ে ওই স্কুলছাত্রী পাঁচথুপী এলাকায় নানাবাড়িতে থেকে একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। রকিবুলের মুদি দোকানে কেনাকাটা করতে যাওয়ার সুবাদে তার সঙ্গে মেয়েটির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রকিবুল।
গত ২৩ জানুয়ারি সকাল ৯টার দিকে মেয়েটি নানাবাড়ি থেকে বিদ্যালয়ের দিকে রওনা দেয়।
বিদ্যালয়ে পৌঁছার আগেই মেয়েটিকে কৌশলে একই গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে যান রকিবুল। সেখানে আটকে রেখে ২৪ জানুয়ারি রাতে মেয়েটিকে ধর্ষণ করেন রকিবুল। সংবাদ পেয়ে মেয়েটির স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ২৫ জানুয়ারি
রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিকুলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।
গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, গত রবিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা এবং বগুড়ায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার আসামি রকিবুল হাসান রকিকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
