৩০ জানুয়ারি প্রথম বিভাগ মার্চে প্রিমিয়ার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনকে কেন্দ্র করে ঢাকার ক্লাবগুলোর ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় কেটে গেছে অচলাবস্থা। আজ বিকেলে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন এবং অধিনায়ক ও ম্যানেজারদের সঙ্গে আম্পায়ারদের বৈঠক। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি।

সোমবার দুপুরে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন। মতবিনিময় শেষে সালাউদ্দিন সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত হচ্ছে প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচনটা আমরা কালই করব আর বৃহস্পতিবার ৩০ তারিখ সকালে হবে প্রথম বিভাগ লিগের উদ্বোধনী ম্যাচ।’ প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর দিন পিছিয়ে যাওয়াতে আশঙ্কা আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুটাও পিছিয়ে যাওয়ার, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান, এবার বিপিএলের সূচি একটু এগিয়ে আসায় আর প্রথম বিভাগ একটু দেরিতে শুরু হওয়াতে আমরা প্রিমিয়ার লিগ সময় মতো শুরু করতে পারছি না, একটু পিছিয়ে যাচ্ছে। আমাদের একটা পরিকল্পনা আছে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চাই, তখন দুইটা লিগ একসঙ্গে চলবে। প্রথম বিভাগও চলবে, প্রিমিয়ার লিগও চলবে। শুরুর সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষে, যেহেতু ফেব্রুয়ারি ২৮ দিনের তখন হয়তো ১ মার্চ শুরু হতে পারে।’

সিসিডিএম এবং ক্লাব অফিশিয়ালরা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিলেন বিসিবির গঠনতন্ত্র সংশোধনকে কেন্দ্র করে। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধির সংখ্যা কমিয়ে আনার খসড়া প্রস্তাবনাকে কেন্দ্র করেই ২০ জানুয়ারি থেকে ধর্মঘটে যায় ঢাকার ক্লাবগুলো। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড চলে আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরাই সংখ্যাগরিষ্ঠ। যদিও ক্লাব কর্মকর্তাদের দাবি, ঢাকার ক্লাবগুলোই আসলে বাংলাদেশের নানান জায়গার প্রতিনিধিত্ব করে কারণ ক্লাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটাররা খেলতে আসেন, ক্লাব ক্রিকেটই দেশের পেশাদার ক্রিকেটারদের আয়ের বড় অংশ জোগান দেয়। এই দাবির পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতেই পারে, তবে আপাতত বিসিবি মেনে নিয়েছে ক্লাবগুলোর দাবি। প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিল আর সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগের দাবি থেকেও সরে এসেছেন ক্লাব প্রতিনিধিরা, জানিয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্র ক্লাবের কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু, ‘বিসিবি এরই মধ্যে সংবিধান সংশোধন কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে তারমানে সেটা বাতিল করেছে এবং খসড়া যে সংশোধনী আনা হয়েছিল সেটাও বাতিল করেছে। আমরা বিসিবি কর্র্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এই সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য।’

তবে ক্লাব কর্মকর্তাদের দাবি গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ১ জন ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়দের ১ জন প্রতিনিধি ও ১ জন আম্পায়ারদের প্রতিনিধি ও বিসিবি থেকে ১ জন রাখার, সেই সঙ্গে প্রয়োজনীয় জায়গায় সংস্কার করে অপ্রয়োজনীয় জায়গায় হাত না দেওয়ার। প্রথম বিভাগের গত মৌসুমের পাওনা টাকা যেসব ক্রিকেটার পাননি, তাদের বকেয়া লিগ শুরুর আগেই পরিশোধ করার আশ্বাস দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। একই সঙ্গে ক্লাব প্রতিনিধি থেকে পরিচালক সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৫ করার দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত