নিজেদের ফাঁদে ধরা পড়ে পাকিস্তান ‘লাস্ট’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ এএম

যে কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করেছিল পাকিস্তান, সেটিতে সর্বনাশ হলো তাদেরই। টার্নিং উইকেটে টপাটপ পতন হলো তাদের একেকটি উইকেটের। জোমেল ওয়ারিক্যান ও অন্য দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় এক জয় দিয়ে প্রায় তিন যুগের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ।

মুলতান টেস্টের প্রথম দুই দিন শেষেই পরাজয়ের খড়গ ঝুলছিল পাকিস্তানের সামনে। তৃতীয় দিনে সোমবার খেলা শেষ করতে এক সেশনও লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। ১২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করল ক্যারিবিয়ানরা।

৩৪ বছরের বেশি সময় পর পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ১৯৯০ সালে ফয়সালাবাদে ৭ উইকেটে জিতেছিল তারা। ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল ক্যারিবিয়ানদের পেস ব্যাটারি ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপ। এবার টার্নিং উইকেটে দলকে জেতাল ক্যারিবিয়ান স্পিনত্রয়ী। সেই তিনজনের মধ্যেও উজ্জ্বলতম জোমেল ওয়ারিক্যান। আগের টেস্টে ১০ উইকেট নিয়েও পরাজয়ের বেদনায় পুড়তে হয়েছিল তাকে। এবার দ্বিতীয় ইনিংসে ৫টি ও ম্যাচে ৯ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই নায়ক।

এই সফরের আগে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ওয়ারিক্যানের উইকেট ছিল ৫৪টি। ম্যাচে ১০ উইকেট তো বহুদূর, ইনিংসে ৫ উইকেটও ছিল না একটিও। এই সিরিজে তিনি প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন। ম্যাচে প্রথমবার ১০ উইকেটের স্বাদ পেয়েছেন। এবার আরও এক দফায় ৫ উইকেট নিয়ে জেতালেন দলকে।

ওয়ারিক্যানের ৫ উইকেটের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার কেভিন সিনক্লেয়ার, ২টি বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে পঞ্চমবার প্রতিপক্ষের ১০ উইকেট ধরা দিল শুধুই স্পিন বোলিংয়ে।

সিরিজে ১৯ উইকেট আর মূল্যবান ৮৫ রান করে ম্যান অব দ্য সিরিজ ওয়ারিক্যান। হ্যাটট্রিকসহ ম্যাচে ১০ উইকেট নিয়েও এবার পরাজিত দলে নোমান আলি। ম্যাচটি জেতায় পাকিস্তানকে তলানিতে নামিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আটে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম হয়েছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত