কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে রাজধানীর তেজগাঁও কলেজের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ২টার পর শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে ফার্মগেট এলাকায় জড়ো হন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে মিছিল নিয়ে তারা কুতুববাগ দরবার শরিফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা ‘কুতুববাগীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ এমন নানা স্লোগান দেন। পরে উত্তেজিত জনতা আনোয়ারা মাঠের সামনে গড়ে তোলা ওরসের গেট ও প্যান্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালালে আলেমরা তাতে বাধা দেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে তাদের সরে যেতে বলে। তবে পরে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী।
শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম দেশ রূপান্তরকে বলেন, জোহরের নামাজের পর কিছু মুসল্লি গিয়েছিলেন সেখানে। ওই ঝামেলা তখনই মিটে গেছে।
