ছেড়ে দিল আল হিলাল, সান্তোসে ফিরছেন নেইমার!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

সৌদি আরবে মাত্র ৭ ম্যাচ, হাঁটুর চোট আর দুঃস্বপ্নের এক অধ্যায় শেষ হলো ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।বিশ্ব ফুটবলে আলোড়ন তুলে ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। বার্ষিক প্রায় ১০.৪ কোটি ডলারের বিশাল চুক্তি দিয়ে সৌদি ফুটবলে নতুন স্বপ্ন দেখানোর লক্ষ্য ছিল তার। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সেই অধ্যায় শেষ হলো। 

গত রাতে আল হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, 'নেইমার তার ক্যারিয়ারে আমাদের জন্য যা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার আগামীর জন্য শুভকামনা।'

৩২ বছর বয়সী নেইমার সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করেছেন। আল হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার মধ্যে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে হাঁটুর গুরুতর চোটে পড়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন।

অক্টোবর ও নভেম্বরে অল্প সময়ের জন্য মাঠে ফিরলেও আরও একবার চোটে পড়ে আবারও ছিটকে যান। চোট এবং দীর্ঘ অনুপস্থিতির কারণে নেইমারের সৌদি অধ্যায় হয়ে ওঠে হতাশার।

নেইমারের সৌদি ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল মাস কয়েক আগেই। প্রথমে শোনা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিতে পারেন তিনি। তবে পরে আলোচনায় আসে তার প্রথম ক্লাব সান্তোস।

সোমবার সান্তোস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, 'আমরা আশাবাদী নেইমার ঘরে ফিরবেন।' 

কয়েক ঘণ্টার মধ্যেই সেই গুঞ্জন সত্যি হলো। সৌদি অধ্যায় শেষ করে নেইমার যোগ দিচ্ছেন সান্তোসে, যেখানে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল।

সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমার মতো তারকাদের পর নেইমার ছিলেন সৌদি ফুটবলের আরও এক চমকপ্রদ চুক্তি। তারকা ফুটবলারদের আনার মাধ্যমে সৌদি আরব তাদের লিগের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। তবে নেইমারের ক্ষেত্রে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

চোটের কারণে মাঠে না থাকলেও নেইমারের বিপুল পারিশ্রমিক ও চুক্তি তারকার চাহিদা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, সান্তোসে ফিরে ঘরের মাঠে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত