বাংলাদেশ সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে তারুণ্যের উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।
উপদেষ্ট বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০-এর বিভিন্ন মেগা প্রকল্প, যেমন- নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে।
সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান আসিফ নজরুল। তিনি বলেন, যারা বাংলাদেশের দক্ষ পেশাদারদের উপস্থিতি স্বীকার করলেও তথ্যের অভাব, মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, ভাষা প্রতিবন্ধকতা এবং বোর্ডিং-পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান করা হবে এবং নিয়মিত শ্রম মেলা, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করা হবে। এ সময় সৌদি কোম্পানিগুলোর বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে দূতাবাসের ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন তিনি। এই সিস্টেমের মাধ্যমে সৌদি কোম্পানিগুলো দূতাবাসে না গিয়েই অনলাইনে নিবন্ধন করে কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে, যার মাধ্যমে এই কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে
অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ড. নজরুল সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বিমান টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন।
এ সময় তিনি এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তাদের কল্যাণে সরকারের আরও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার এবং আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার আহ্বান জানান আসিফ নজরুল।
জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে।
‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা।
উল্লেখ্য সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য ড. আসিফ নজরুল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।
ফাঁসছেন রাতের ভোটের ডিসিরা
জনমানব শূন্য নীলফামারীর আট রেলওয়ে স্টেশন
ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি, ওর্য়াড সভাপতি-সম্পাদক বহিষ্কার