রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকার লাউতলা বস্তি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে হ্যান্ড গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ও স্মোক গ্রেনেড।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফিট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড। উদ্ধার অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে গ্রেনেডগুলো থানায় হস্তান্তর করেছে।
