নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আবদুল গফুর (৮৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকা- নিয়ে সন্তানদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিহত আবদুল গফুর মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়ের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে।
গতকাল মঙ্গলবার ভাড়াটিয়াদের সঙ্গে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্ত নেওয়ার দিন নির্ধারিত ছিল। এদিন সকালে তারা বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে আসমা আক্তার বলেন, ‘বাবার সঙ্গে দোকান ভাড়ার টাকা নিয়ে ভাইয়ের মনোমালিন্য চলছিল। বাবাকে না বলেই সে দোকান ভাড়ার টাকা আত্মসাৎ করেছে। আজ (মঙ্গলবার) সে বিষয়ে বাবা, ভাই ও দোকানের ভাড়াটিয়াসহ আমরা একসঙ্গে বসে বিষয়টি সমাধান করার কথা ছিল। ধরা পড়ার ভয়ে সে বাবাকে মেরে ফেলেছে।’
নিহতের ছেলে আবদুর রহমান বলেন, ‘বিয়ের পরও আমার দুই বোন বাড়িতে থাকে। আমার মনে হচ্ছে আমাকে সম্পত্তি থেকে বেদখল ও বাড়ি থেকে বের করার উদ্দেশ্যেই তারা চক্রান্ত করে বাবাকে হত্যা করে সেই দায় আমার ওপর চাপিয়ে দিচ্ছে।’
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদুল কবীর বাশার বলেন, ‘আবদুল গফুরের মাথার দু-তিন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন জানান, হত্যাকা-ের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আবদুর রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
