নীতিমালাসহ ৮ দাবি ব্যাটারি রিকশাচালকদের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ আট দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

তাদের অন্য দাবি মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া; কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা ও ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ না করা; গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাসহ নিহত-আহত সব শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা; বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা। এ ছাড়া প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বা বাই লেন নির্মাণ করা এবং ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ বন্ধ এবং জব্দ করা গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া; চালকসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা; সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও ছিনতাইকারী চক্রের হোতাদের গ্রেপ্তার করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত