গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ছাত্ররা নতুন দল করতে চাচ্ছে আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চেতনা নিয়ে, আকাক্সক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাব। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘রাজপথে আসেন, জনগণের ভেতরে থেকে নতুন দল গড়ে তোলেন। যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, বৃহত্তর স্বার্থের পক্ষে
থাকবে।’ তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকেই। এই দেশের তরুণরা নতুন চৈতন্য নিয়ে নতুনভাবে গড়ে তুলবে, তবেই সম্ভব নতুন বাংলাদেশ।’
