পদ-পদবির বৈষম্য চায় না কর্মকর্তা ঐক্য পরিষদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতো পদ-পদবি সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। একইসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনটির মহাসচিব মো. বেল্লাল হোসেন এবং সভাপতি আবু নাসির খান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ গণকর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্য নিরসনে নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা চলছে। ২০১২ সাল থেকে সংগঠন পক্ষ থেকে পদবি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু কমিটি আর প্রতিবেদনের মধ্যে রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখের পত্রে দপ্তর থেকে প্রস্তাব পাঠানোর মাধ্যমে পদনাম ও বেতনস্কেল পরিবর্তন করা হবে মর্মে সব দপ্তরের সচিব পর্যায়ে পত্র পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ যাবৎ ৩১টি অধিদপ্তর থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানো হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ হঠকারী এবং স্ববিরোধী মতামত দিয়ে প্রতিটি প্রস্তাব ফেরত প্রদান করেন। ইতিমধ্যে সরকার সমস্কেল ও নিম্ন বেতন স্কেলের কর্মচারীদের মধ্যে রক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের এসআইসহ অসংখ্য পদের পদবি ও বেতন স্কেল উন্নীত করা হয়েছে। অথচ অধিদপ্তর, দপ্তর, সংস্থার দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী এ পদগুলোর পদবি পরিবর্তন না করে সচিবালয়ের সঙ্গে দপ্তর সংস্থার কর্মচারীদের মধ্যে ২৯ বছর যাবৎ আমলাতান্ত্রিক বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত