হাতিরঝিলে গোলাগুলি, আহত দুই পথচারী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাতের অন্ধকারে গোলাগুলিতে লিপ্ত হয় সুজন ও ভাগ্নে তুষার গ্রুপ। রাজধানীর হাতিরঝিল উলন এলাকায় গত শনিবার রাতে লোডশেডিং চলাকালে দুই গ্রুপের গুলি বিনিময়ের সময় সাধারণ এক দোকানি ও একজন পথচারী গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে(ঢামেক) চিকিৎসাধীন। আহতরা হলেনÑ মো. জিলানী (৫৫) ও শুভ (১৭)।

গোলাগুলি ও গুলিতে আহত দুই ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজুক। তিনি বলেন, ‘গত রাতে অন্ধকারের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন  গুলিবিদ্ধ হয়েছে।’ কারা এই গোলাগুলির ঘটনায় জড়িত এমন প্রশ্নের জবাবে ডিএমপি তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সুজন ও ভাগ্নে তুষার গ্রুপের মধ্যে গত রাতে (শনিবার) গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকেন্দ্রিক ঝামেলা। জড়িত ধরতে থানা-পুলিশ কাজ করছে।’

ঢামেকে চিকিৎসাধীন আহতরা জানান, তারা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকার বাসিন্দা। রাতে তারা সড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনটি শব্দ শুনতে পান। পরে তারা লক্ষ্য করে তাদের শরীরে থেকে রক্ত ঝরছে। জানা যায়, দুজনের শরীরে একটি করে গুলির চিহ্ন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত