জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে নীতিমালা করবে সরকার। সেই নীতিমালা মেনেই তাদের পুনর্বাসন করার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, ‘আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দিয়ে দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।’
গতকাল রবিবার সচিবালয়ে দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে।’ উপদেষ্টা বলেন, ‘এ সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে। অধিদপ্তরের অধীনেই নীতিমালা প্রণীত হবে। এই নীতিমালার অধীনে সরকার থেকে আহত-নিহতদের যাবতীয় সহায়তা দেওয়া হবে।’
