সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

বান্দরবানের মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূণ্যরেখায় ৪৮ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। সেখানকার বিদ্রোহীরা এ মাইন পুঁতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আহত তরিক উদ্দিন (১৮) কক্সবাজার জেলার রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তরিক উদ্দিনসহ আরও অনেকে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনত। এদিন তারা গরু আনতে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

নাইক্ষ্যংছড়ি সদর ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার শামশুল আলম বলেন, সাড়ে ১২টার দিকে একটি প্রকট শব্দ শোনা যায়। তখন এলাকার লোকজন দেখতে পাই মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক ওই যুবককে কক্সবাজার হাসপাতালে রেফার করে। 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ফুলতলী ও দৌছড়ি ইউনিয়ন সীমান্তে পৃথক ঘটনায় তিনটি মাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত