সংবাদ প্রকাশের জেরে হামলা চার সাংবাদিক আহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ এএম

শরীয়তপুর সদর হাসপাতালের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এর মধ্যে সমকালের প্রতিনিধির শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি। এ ছাড়া অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেওয়ার ঘটনায় কয়েক দিন আগে সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নাম সর্বস্ব অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাগবিত-া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সুজন তার ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান ও তার ভাই শামীমসহ ১০-১২ জন সন্ত্রাসী ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে সুজনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সমকালের প্রতিনিধি সুজন বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার দাবি করছি।’ নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, ‘হঠাৎ করে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নুরুজ্জামান শেখসহ ১০-১২ জন সন্ত্রাসী সুজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা বাঁচাতে গেলে আমাদের ওপরও হামলা চালায়।’

অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় এ ব্যাপারে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি। শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত