বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালের নৃশংস হত্যাকা-ের শিকার ফেনী সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবরের পাশে কাঁদলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জিয়ারত শেষে তিনি বলেন, ‘শ্রাবণের মতো শহীদ বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’
গতকাল সোমবার ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করতে আসেন জামায়াত আমির। তিনি শহীদ শ্রাবণের বিদেহী আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে শ্রাবণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে।’
এ সময় জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।
হিন্দু পরিবারকে বসতঘর উপহার : ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হিন্দু পরিবারকে বসতঘর উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার সকালে ফিতা কেটে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আমির এম মামুনুর রশিদ জানান, বন্যায় ঘর ভেঙে মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মো. মানিক নিঃস্ব হয়ে পড়েন। তারা পরিবার নিয়ে দীর্ঘদিন অন্যের ঘরে বসবাস করছেন। তাদের তিন পরিবারকে ৫ লাখ টাকা ব্যয়ে ঘর উপহার দেওয়া হয়েছে।
মিতুল চন্দ্র দাস ঘর পেয়ে দারুণ খুশি। তিনি জানান, বন্যার ঘর হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন। পার্টস দোকানে চাকরি করে মা ও স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়। এর মধ্যে নতুন ঘর তৈরি করা অসম্ভব ছিল। জামায়াতের পক্ষ থেকে ঘর পেয়ে অনেক উপকার হয়েছে তার। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
