ফরিদপুর শহরতলির কানাইপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০টি বাড়িঘরে হামলা এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইপুরের ফুসরা গ্রামে একটি পক্ষের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতবর। গত রবিবার বিকেলে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকের মধ্যে ঝগড়াঝাঁটি ও কথা-কাটকাটি হয়। এ ঘটনার পর সোমবার সকাল থেকেই ওই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে। এর একপর্যায়ে সকাল ৯টার দিকে বিএনপি নেতা হাসেম খানের সমর্থকরা পার্শ্ববর্তী সালথার গোট্টি ইউনিয়নের ভবুক দিয়া থেকে কয়েকশ লোক নিয়ে আসে এবং আওয়ামী লীগ নেতা আক্কাস মাতবরের বাড়িসহ তার সমর্থকদের ওপর হামলা করে।
