আজ দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।’ জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য। এ উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান এবং জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘সমৃদ্ধ গ্রন্থাগার বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ে এবং গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল আলম। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত থাকবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমাসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিরা।
পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করবে। বিজ্ঞপ্তি
