বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মো. জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানিয়েছেন বিইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন এবং সেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর কাজ করেন। বিজ্ঞপ্তি
