প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে ওয়াশরুম করার অভিযোগ উঠেছে যশোরের মনিরামপুর উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান নামের এক সহকারী শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কুশারীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান দুটি একই প্রাঙ্গণে অবস্থিত। ওই দুই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে প্রায় ৩০ বছর আগে একটি শহীদ মিনার স্থাপন করা হয়। ওই শহীদ মিনারে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছে।
গত ১৫ জানুয়ারি কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ওই শহীদ মিনারটি ভেঙে একই স্থানে ওয়াশরুম স্থাপন করার উদ্যোগ নেন। শহীদ মিনার ভেঙে ফেলায় এবার শ্রদ্ধা নিবেদন নিয়ে সন্দিহান হয়ে পড়েছে শিক্ষার্থীরা।
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, নিষেধ করা হলেও প্রধান শিক্ষক আব্দুর রশিদ শোনেননি। তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, মাঠে পানি থাকায় জায়গা সংকটে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহীদ মিনার ভেঙে ওয়াশরুম করা হচ্ছে। অচিরেই নতুন করে একটি শহীদ মিনার করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
