আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ এএম

রাজধনীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে চার পুলিশসহ পাঁচজন। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। গত বুধবার সন্ধ্যায় রায়েরবাজার বোটঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। তাদের অনেকের মাথা ফেটে গেছে, হাতের রক্তনালি কেটে গেছে, কারও ভেঙেছে হাত।

আহতরা হলেন মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম, এএসআই সোহেল রানা এবং সোর্স আল-আমিন। তাদের মধ্যে আল-আমিন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় আসামি ধরতে গেলে নারী-পুরুষ মিলে পুলিশকে ঘেরাও করে বেধড়ক পেটায়। রড-লাঠি ছাড়াও নারীদের হাতে বঁটিও দেখা গেছে। পরে পুলিশসহ পাঁচজন আহত হলে তারা সেখান থেকে চলে আসে এবং হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত