ভাঙ্গায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ইউপি সদস্যকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তারে ইউপি সদস্য আলমগীর মোল্লাকে (৪২) পিটিয়ে এবং কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলমগীর উপজেলার হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। একপক্ষের নেতৃত্ব দেন হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর মোল্লা ও অন্যপক্ষের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বর।

এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে গতকাল সকালে প্রতিপক্ষের লোকজন আলমগীরের পথরোধ করে আক্রমণ করেছে বলে জানায় তার পরিবার।

আলমগীরের বড় ভাই হাবিবুর রহমান বলেন, ‘গতকাল শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে ভাঙ্গা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেন আলমগীর।

পথিমধ্যে বাবর আলীর বাড়ির সামনে পৌঁছালে বাবরের নেতৃত্বে ৪০-৫০ জন দেশীয় অস্ত্র এবং হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে আলমগীরের দুই হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

এ বিষয়ে জানতে বাবর আলীর মোবাইলে বারবার কলা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত