বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৩

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামালপুর ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একপক্ষের নেতৃত্বে থাকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডুর ভাষ্য মতে, কড়িতলা হাটের ইজারা নিয়ে এবং আগামী বুধবার পোড়াদহ মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গত শনিবার রাত ৮টার দিকে মেলা বসানোকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপির কয়েকজন এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার লোকজনের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের সাতজন আহত হন। তারা হলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু, ওয়ার্ড যুবদল সভাপতি স্বপ্ন মিয়া, বাচ্চু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম, ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর ভাষ্যমতে, শনিবার রাত ৮টার দিকে তার লোকজন বাজারে চা পান করছিল। এ সময় রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের ছয়জন আহত হন। তারা হলেন কামাল হোসেন, সমসের আলী ম-ল, গোলাম কিবরিয়া, আজাদ মিয়া, মাজু সরকার এবং সোবদুল খাঁ। তাদের মধ্যে কয়েকজন শজিমেক হাসপাতালে ও কয়েকজন অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, সাতজন শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত