ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ডাকাতি, আহত ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার মসজিদ মার্কেটে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে প্রীতি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে কাউছার আহমেদ নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ।

প্রীতি জুয়েলার্সের কর্মচারী পলাশ চন্দ্র দত্ত বলেন, ‘সন্ধ্যার পর ৮-১০ জনের মুখোশ পরা একটি দল দোকানে প্রবেশ করে। এ সময় আমার চিৎকার শুনে পাশের এক দোকানদার এগিয়ে এলে তারা গুলি করে। পরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যায়। এ সময় জনতা একজনকে আটক করে পিটুনি দেয়।’

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাত দলের সদস্য কাউছারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে মহাসড়কের মিরশ্বানী নামক এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মাইক্রোবাসটি তল্লাশি করে দুটি ধারালো চাপাতি ও বেশ কিছু সোনার খালি বাক্স উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত