জাহিদ ও নাঈমুলের আয়কর নথি জব্দের নির্দেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার ছেলে রাহাত মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টিসহ ছয়জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নথি জব্দ হওয়ার আদেশ হওয়া অন্যরা হলেন- কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম ও সাবেক কানুগগো আবুল হোসেন। জাহিদ মালেকের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, জ্ঞাত-আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পূর্ণাঙ্গ আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

নাঈমুল খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, তিন মেয়েসহ নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক অর্থের উৎস আড়াল করার জন্য তাদের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন ও বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি থাকাসহ অবৈধ ব্যাংকিং চ্যানেলে নিয়ে এসে মানি লন্ডারিং করেছে। তার নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত